মানুষকে সুযোগ দেওয়ার মধ্যে মানবিকতা আছে। ক্ষমার মাধ্যমে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে আন্তরিক প্রচেষ্টাও থাকে। কিন্তু একই মানুষকে সীমাহীন সুযোগ দিতে দিতে একসময় তুমি বুঝতে পারবে— ক্ষমা যত বাড়ে, তোমার মূল্য তত কমতে থাকে। অতিরিক্ত ক্ষমা তোমার আত্মসম্মানকে তলানিতে পৌঁছায়। কারণ তারা তোমার সহনশীলতাকে কখনোই তোমার শক্তি হিসেবে দেখে না; বরং তাদের নিজের ভুলকে ঢাকার একটি নিরাপদ আশ্রয় বলে মনে করে। বারবার তোমার কাছে ফিরে আসতে পারার যে নিশ্চয়তা তারা পেয়ে যায়, সেটিই তাদের অবহেলাকে আরও সাহসী করে তোলে। মানুষ যখন জানে— “আমি যা-ই করি, সে শেষ পর্যন্ত আমাকে ক্ষমা করবেই”— তখন তারা তোমার নয়, নিজেদের রক্ষা করার পক্ষেই দাঁড়ায়। তোমার সীমারেখা, তোমার মূল্যবোধ, তোমার আত্মসম্মান— যেগুলো তুমি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এত যত্নে লালন করেছিলে— তারা সেগুলোর গুরুত্ব ধীরে ধীরে ভুলে যায়। তোমার নরম মনকে তারা সুবিধামতো ব্যবহার করে, তোমার ধৈর্যকে দুর্বলতা ভাবে, আর তোমার ফিরে আসাকে তাদের যোগ্যতার প্রমাণ বলে ধরে নেয়। অন্যের একই ভুল দ্বিতীয়বার ক্ষমা করা মানে তাকে প্রশ্নহীন প্রশ্রয় দেওয়া। তোমার ক্ষমা করার এই উদারতাকে তারা তেমার দুর্বলতা হিসেবে অপব্যবহার করবে। সমাজের চিত্র সেটারই সাক্ষ্য দিচ্ছে। যে ক্ষমা করে শেষমেশ তাকেই কষ্ট পেতে হয় কিন্তু যে ভুল করে সে মোটেও লজ্জিত হয় না! কিন্তু সত্যি কথা হলো— মানুষ তোমাকে ঠিক সেইভাবেই আচরণ করবে, যেমনভাবে তুমি নিজেকে আচরণ করতে শেখাও। যদি তুমি তোমার আত্মসম্মানকে বারবার বিসর্জন দাও, তবে তারা কেন তোমার সম্মান রক্ষা করবে? যদি তুমি নিজের কষ্ট, নিজের যন্ত্রণা, নিজের ভাঙচুরকে তুচ্ছ করে দেখো, তবে তারা কেন তোমার ভেতরের মানুষটিকে মূল্য দেবে? তুমি নিজেই যখন নিজেকে কম দামে তুলে ধরো, তখন অন্যরা কেন তোমার দাম বাড়াতে যাবে? ভালোবাসা মানে তো ভুল সহ্য করা নয়; ভালোবাসার আসল শর্তই হলো সম্মান, দায়িত্বশীলতা এবং পরিবর্তনের চেষ্টা। আর কোনো সম্পর্কই একতরফা ক্ষমাপ্রার্থনার ওপর দাঁড়িয়ে থাকে না—থাকলেও তা দীর্ঘস্থায়ী হয় না। তুমি কারও ভালোবাসা চাও— এটা স্বাভাবিক; কিন্তু সেই ভালোবাসার জন্য নিজেকে বারবার হারিয়ে ফেলবে— এটা কখনোই গ্রহণযোগ্য নয়। ব্যক্তিত্ব সম্পদের চেয়েও দামী। তাই মনে রেখো, তোমার হৃদয় যেমন কোমল, তোমার সম্মানও তেমনই মূল্যবান। তুমি যাকে সুযোগ দাও, তাকে বুঝতে দাও যে তোমার ক্ষমা অসীম নয়, তোমার দরজাও সবসময় খোলা নয়। যদি কেউ তোমার সম্মানকে মূল্য না দেয়, তবে তাকে হারানোই তোমার লাভ। নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে মূল্য দিতে শিখো। কারণ তুমি নিজের সম্মান রক্ষায় দৃঢ় হলে, তখনই অন্যরা তোমার মূল্য বুঝতে শিখবে।
Bangla Motivation
Public . 13-Dec-2025অতিরিক্ত ক্ষমা আত্মসম্মানের কি ক্ষতি করে?