প্রেমে পড়ার মধ্যে একটা ভয়ংকর সুন্দর ব্যাপার আছে। সাহসীকতা আছে, উন্মাদনা আছে, মাদকতা আছে, নিজেকে নতুনভাবে আবিষ্কার করার আনন্দ আছে। তবে কাঁচা বয়সের প্রেমটাকে আমি ঠিক প্রেম বলে মানতে পারি না। কম বয়সে আমরা প্রেমটাকে উপলব্ধিও করতে পারি না, অনুভূতিগুলো চিনতে পারি না, শুধু দারুণ চেহারা, রূপ, ফিগারের আকর্ষণে নিজেকে বিলিয়ে দিই। অথচ মনের প্রেমে পড়ার একটা বয়স আছে, একটা অভিজ্ঞতা লাগে, যার ভেতর দিয়ে প্রেমটাকে উপভোগ করা যায়, অনুভব করা যায়, বুঝে নেওয়া যায়। যে প্রেমে মানুষ নিজেকে গড়ে তুলতে পারে না, যে প্রেমে মানুষ নিজেকে হারিয়ে ফেলে বা ধ্বংস করে ফেলে, সে প্রেম করে কোনো লাভ নেই। লাভ ক্ষতির অংক এখানে টাকার হিসেব নয়, বরং এটাই মানুষটা আমার জন্য চিন্তা করবে কিনা, যত্ন নেবে কিনা, খেয়াল রাখবে কিনা। একটা চেয়ার টেবিল কিনতেও যেমন নেড়েচেড়ে দেখি, তেমনি জীবনে কাউকে আনার আগে শতবার পরীক্ষা করা উচিত। সমবয়স্ক নয়, সমমনস্ক মানুষের প্রেমেই মানুষ নিজেকে নতুনভাবে খুঁজে পায়, ভুল ত্রুটি শুধরে পরিণত হয়। যে প্রেমে আত্মশুদ্ধি নেই, সেই প্রেমের চেয়ে না করাই ভালো। নির্দিষ্ট বয়স পেরিয়ে যে প্রেম আসে, সেই প্রেমে বিকেলের উঠোনে বৃষ্টি নামে, সকালে শিউলি ফোটে, শরীর থেকে জুঁই ফুলের গন্ধ বেরোয়, বুকের ভ্যাপসা গরম হাওয়া ঠান্ডা হয়ে যায়, ক্লান্তি আসে না বরং ছায়া থাকে। পাতার ফাঁক দিয়ে জলপাই রঙের রোদ নামে, মায়ের হাতের রান্নার মতো স্বাদ থাকে, শিশুর ঠোঁটের দুধের মতো মায়া থাকে, পাহাড়ের মতো অহংকার থাকে, কাদা মেখে ফেরা ছেলের মতো সারল্য থাকে, বাসস্ট্যান্ডে দাঁড়ানো কিশোরীর মতো রহস্য থাকে। তখন আমরা নেশার ভেতর ভাসি, কিন্তু ডুবে যাই না। অনুভূতির উপর কন্ট্রোল থাকে। তাই প্রেম ভাঙলেও, মন ভাঙলেও, শ্রাবণ নামলেও আমরা নিজেকে সামলে নিতে পারি। ব্যথা সব বয়সেই লাগে, কিন্তু বয়স বাড়লে মানুষ সেই ব্যথা গিলে নিতে শিখে যায়। চিৎকার না করে দরজা বন্ধ করে মাথায় হাত বুলিয়ে নিজেকে শান্ত করে, বুকের ভেতর একটা আর্তনাদ জমে ওঠে, যা শুধু সে নিজেই শুনতে পায়।
Love Story
Public . 29-Sep-2025প্রেমে পড়ার মধ্যে সুন্দর ব্যাপার কি?