অস্ট্রেলিয়ার শুকনো, গরম বাতাসে যখন আগুন জ্বলে ওঠে গাছপালার বুক চিরে, তখন সবাই দৌড়ে পালায়। কিন্তু কিছু পাখি ঠিক তখনই নামে শিকারে। তারা আগুন ব্যবহার করে, ছড়ায়, নিয়ন্ত্রণ করে! এই পাখিগুলোকে “ফায়ারহক” নামে ডাকা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ব্ল্যাক কাইট, হুইসলিং কাইট, ও ব্রাউন ফ্যালকন। বিজ্ঞানীরা, এবং সেই সাথে অস্ট্রেলিয়ার আদিবাসীরা লক্ষ্য করেছেন, এই পাখিগুলো জ্বলন্ত কাঠ বা ছাইয়ের টুকরো ঠোঁটে করে তুলে নেয় এবং উড়ে গিয়ে ফেলে দেয় শুকনো, আগুন লাগেনি এমন এলাকায়, যাতে নতুন আগুন জ্বলে ওঠে। নতুন আগুন মানে, নতুন এলাকা থেকে বেরিয়ে আসা গুটিসুটি মেরে থাকা পোকা, সাপ, ইঁদুর, খরগোশ, আর সেই সুযোগেই শুরু হয় ফায়ারহকের ভোজ! এই ঘটনা শুধু গল্প বা কল্পনা নয়; ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং শত শত বছরের অভিজ্ঞ আদিবাসী জনগোষ্ঠী বহুবার প্রত্যক্ষ করেছে এই আচরণ। তারা জানতেন, আগুন শুধু মানুষই জ্বালায় না, আকাশের কিছু শিকারিও আগুনকে জানে, বোঝে, এবং কাজে লাগায়। আর আশ্চর্যের বিষয়, এমন আচরণ শুধু অস্ট্রেলিয়াতেই নয়, আফ্রিকার পশ্চিম ও পূর্ব অঞ্চল, পাপুয়া নিউ গিনি, ব্রাজিল, পানামা, এমনকি যুক্তরাষ্ট্রেও এমন আগুন-ব্যবহারকারী পাখির কথা নথিভুক্ত হয়েছে। এতদিন আমরা বিশ্বাস করতাম, আগুনের নিয়ন্ত্রণ আর ব্যবহার শুধু মানুষই করে থাকে। কিন্তু এই শিকারি পাখিগুলো প্রমাণ করল, প্রকৃতির বুদ্ধিমত্তা কতটাই না গভীর ও বহুমাত্রিক!
Bangla Facts
Public . 19-May-2025অস্ট্রেলিয়ার আকাশে আগুন ছড়ানো শিকারী পাখিদের রহস্য!